Showing posts with label বুক রিভিউ. Show all posts
Showing posts with label বুক রিভিউ. Show all posts

Friday, April 10, 2020

The Order of Time বুক রিভিউ

The Order of Time বুক রিভিউ

একদম নতুন, কসমোলজি নিয়ে এক্ষুনি একটা বই পড়ে ফেলতে চাইলে বলব, এই বইটা ভালো। যারা একটু বেসিক থেকে বেশি বুঝতে চান টাইম ডাইমেনশান, গ্রাভিটি ইত্যাদি তাদের জন্য বইটি ভালো।

যারা অলরেডি এসব ইন্টারমেডিয়েট ফেজগুলো বায়ে হাত কি খেল ভাবেন, তারা হতাশ হবেন। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ভারী ভারী কোনো লেকচার নাই। এমনভাবে লিখা যেন, আপনি টাইম এর ট-ও জানেন না, ফিজিক্স এর ফ-ও বোঝেন না। ভদ্রলোক হাতে ধরে ধরে শিখাতে চেয়েছেন। মলিকিউলস থেকে ক্রাঞ্চিং অফ ইউনিভার্স পর্যন্ত। বুঝাতে চেয়েছেন তাপগতিবিদ্যা, এন্ট্রপি, টাইম রিলেশান, অর্ডার, ডিসঅর্ডার, কোয়ান্টাম গ্রাভিটি, ইত্যাদি। বইটিতে জায়গায় জায়গায় ফুটনোট দেয়া আছে, যা বইটি বুঝে বুঝে পড়তে এবং একইসাথে বিরক্তির কারণও হতে পারে। বইয়ে মোট ১৫ টি চ্যাপ্টার আছে।

বইটি লিখেছেন ইতালিয়ান থিউরেটিক্যাল পদার্থবিদ, লুপ কোয়ান্টাম গ্রাভিটির প্রতিষ্ঠাতা Carlo Rovelli। বইটির ইতালিয়ান নাম: L'ordine del tempo, যার ইংরেজী অনুদিত নাম The Order of Time।

নিজে পড়ার চাইতে কেউ একজন যদি বই পড়ে পড়ে শুনাতো!, এমনটি যারা পছন্দ করেন তাদের জন্য হট বৃটিশ ইংরেজী উচ্চারণে, Benedict Cumberbatch এর কণ্ঠে, ২২৪ পৃষ্ঠার এই বইটির চার ঘন্টা উনিশ মিনিটের প্রিমিয়াম কোয়ালিটি অডিও ভার্শন পাওয়া যাবে Audible ওয়েবসাইটে। (টরেন্টেও এভেইলেবেল)।



Tuesday, March 3, 2020

পাঠ প্রতিক্রিয়াঃ কবি খায়রুল আহসান এর Wandering Thoughts

পাঠ প্রতিক্রিয়াঃ কবি খায়রুল আহসান এর Wandering Thoughts




সত্যের সাথে আমার বসবাস নাই, আমি বসবাস করি মিথ্যেয়। আমি বেঁচে আছি কল্পনায়, মেতে উঠি অলীক মোহে। সত্যকে আমি স্বীকার করি না। আমাকে তুমি গ্রহণ করো মিথ্যে।
না, কবি খায়রুল আহসান তার ইংরেজি কবিতার বই 'Wandering Thoughts’ তে এমন বাংলা কবিতা লিখেন নাই। উপরের লাইন ৩ টি আমার লেখা। কবি খায়রুল আহসান লিখেছেন তার জীবন সঞ্চিত অভিজ্ঞতার আলোকে তার একান্ত নিজস্ব কথা, তার জীবনবোধ - যেভাবে তিনি দেখেছেন তার বর্ণিল জীবনকে। 

এক 
বইটির প্রথম কবিতা, A Poet’s Dilemma with truth- কবিতার নাম পড়েই মনে ধাক্কা দিয়ে উঠবে, সত্যের সাথে যেখানে সবার আপোষ, সত্য যেখানে চূড়ান্ত ও অবধারিত সেখানে কবির সাথে কিসের বিরোধ থাকতে পারে সত্যের ? কবি কি তাহলে কবিতায় যা লিখেন সেসব মিথ্যে ? সেসব কি তবে অলীক কল্পনা ?
এই কবিতায় কবি খায়রুল আহসান লিখেছেন, 
Beauty is truth, truth beauty’, Poets glorify beauty with truth. Knowing or not, the root of beauty, May lie buried in ugliness, in sooth. 
সত্যকে আপনি যেভাবেই জানুন, আংশিক কিংবা পুরোটা, এক রঙা অথবা রঙিন- সে সত্য। চাঁদ এর আলোর রং রূপালী কি সোনালী, চাঁদ আমাদের মনে কি প্রভাব ফেলে ভালো না খারাপ। মন খারাপ করে না ভালো করে দেয়- সে যাই হোক, সত্য এই যে, চাঁদের আলো তার নিজস্ব নয়। এই চরম সত্য মেনে নিয়ে কাব্যিক উপমায় তাকে উপমায়িত করলে কবির সাথে সত্যের আর কোনও বিরোধ নেই। 

দুই 
একজন কম বয়সী তরুণ কবির কথা ভাবুন, বয়ঃসন্ধিক্ষণে যে সদ্য পড়েছে। কেমন হতে পারে তার কবিতা? কাচা হাতের লেখা বলে অবহেলা ও তাচ্ছিল্য করে চলে যাওয়াই যায়। কিংবা তাকে সান্ত্বনা পুরষ্কার দেয়া যায়। কিন্তু তার কবিতা নিয়ে আপনি ভাবতে বসে যাবেন ? সত্যিই কি এতটা উদার আপনার মন? আসুন দেখি কি লিখেছেন খায়রুল আহসান একজন টিনেজ কবির কবিতা পড়ার পরে -- 
Poetry flows quietly in all our hearts Not often do they find a away out in words. Playing directly with your internal thoughts You’ve produced a poem that’s not just a connect-the-dots. 

তিন 
ভালোবাসা কেমন ? অথবা ভালোবাসা কী ? এই প্রশ্নের উত্তর কে জানে ? অথবা, কে জানে না ? আপনি জানেন - আমি জানি- সে জানে- সবাই জানে সবার মত করে। ভালোবাসা স্বর্গীয় ও আদিম। ভালোবাসা হতে হয় চূড়ান্ত। সত্যিই কী তাই ?
আসুন দেখি কবি তার Pristine Love কবিতায় কি লিখেছেন! 
No love is as overwhelming as pristine, As the maiden love of a lass, say of sixteen. 
ভালোবাসায় প্রতিজ্ঞা যেমন থাকে তেমন থাকে প্রতিজ্ঞা ভঙ্গের কষ্ট। ভালোবাসায় সব দিতে হয় যা চায় অপর আত্মা, হাত ধরে হাঁটতে হয় একাকী নির্জনে অথবা লোকারণ্য কোলাহলে। বৃষ্টি জলেও খুঁজে নিতে হয় প্রিয়ার চোখের জল। 
Not realizing that promises are easy to make but difficult to keep, Broken promises are hard to bear with, easy to make one weep. 

চার 
যখন একজন কবির মধ্যে আত্মপ্রকাশ পায় এক কবি সত্তা, যিনি মনে মনে নিজেকে বুঝতে পারেন, চিনতে পারেন। কেমন হয় তখন তার মানসিক অবস্থা ?
তিনি কি তখন একটার পর একটা কবিতা লিখে যান শুধু ? যদি লিখেই যান- কেন তিনি লিখেই যাবেন ? কি দায় এত তার? যখন কবির মন ভরে ওঠে অব্যক্ত আবেগে, সেই সময়ের সেই ক্ষণের অনুভূতিগুলো তিনি লিখে রাখেন তার কবিতায়। তিনি কি চান তার লেখা কবিতা পড়ে সবাই তাকে বাহবা দিক ? সবাই তার প্রশংসা করুক- নাকি সে কেবল এটাই চায়, তার ভাবনা তার কথা অন্যরাও মিলিয়ে দেখুক সে যা ভেবেছে তা কতটা মৌলিক, কতটা যৌক্তিক। 

এমন কিছু কথাই লিখেছেন কবি খায়রুল আহসান তার Flowers of Dawn Do not Blossom At Dusk কবিতায়। 
Praise me not, my dear poets and friends, I know at this stage I cannot make amends For not blossoming at right time, the dawn, Weep not, mourn not, when I am silently gone. 


পাঁচ 
এরকম তো আমাদের সকলেরই হয়, ধরুন আপনি বসে আছেন ঘরে আপনার পরে আছে অন্য কোথাও। হয়ত আপনি মনে মনে গান গাইছেন মাইকেল জ্যাকসনের সাথে স্টেজ শেয়ার করে। কিংবা ভাবছেন এমন কিছু কথা, যা কেউ কখনো ভাবেনি আগে। এমন চিন্তাশীল মন, এমন অস্থির সময় আমাদের সকলের জীবনেই আসে ক্ষণে ক্ষণে -- এমন সময়ে মন যখন আচ্ছন্ন থাকে, মেঘলা যখন আকাশ থাকে-- মন তখন কেমন হয় ? সে কী তখন কবি নয় ?
এমন কিছু কথা লেখা আছে A poet’s Heart কবিতায়, 
A poet’s heart cannot be possessed By a single soul mate entwined or not, For a poet’s heart is free to wander, From heaven to earth without a knot. 

ছয় 
কবি নিয়েই যখন কথা হচ্ছে, কবি সত্তা নিয়েই যখন কথা হচ্ছে- তখন আরেকটি কবিতার কথা উল্লেখ না করলেই নয়। কবিতার নাম, You Are Not A Poet. সে কী কথা ? আমি কবি নই ? কেন আমি কবি নই ? কি কি শর্ত পূরণ না করলে আমি কবি নই! কবি হবার যোগ্যতাই বা কি? সেসব কথাগুলোই কবি নিজেকে শুনিয়েছেন বারবার, নিজেকে মনে করিয়ে দিয়েছেন একজন কবির চিন্তা কেমন হওয়া উচিত- 
আসুন দেখে নেই,

When the voice is muted, the eyes speak. When both are lost by distance, a person writes. When the pen stops, the piano lends voice to the Feelings of the heart. The unspoken words are then Narrated through the variations of the musical notes. You are not a poet, if you cannot translate the tune. 
সাত 
চাঁদ নিয়ে কার মধ্যে ফ্যান্টাসি নেই? কখনো কখনো চাঁদ আমাদের ক্ষুধার থালায় ঝলসে যাওয়া রুটি- কখনোবা আবার চাঁদ হয়ে যায় কবিতার জন্য আখর। চাদের কালিতে লেখা হয় কত কবিতা। চাঁদ কে তুলনা করা হয় প্রিয়ার মুখের সাথে। যখন পূর্ণ চাঁদ গ্রাস করে পৃথিবীকে, রূপালী আলোতে ছেয়ে যায় সমগ্র পৃথিবী- তখন কেমন হয় একজন কবির অবস্থা ? সে তখন পূর্ণ চাঁদ দেখে কিভাবে? আকাশে চোখ লাগিয়ে দূরবীনে ? 
Super moon কবিতায় কবি লিখেছেন, 
Not impressed, as a brighter full moon in lieu Descends on my bed when I sleep with you. 
আট 
জীবনে সবাই একটা ভরসার হাত চায়, চায় একটা হাত ধরে আজীবন চলে যাক সুখে দুখে- বুকে মাথা পেতে কান দিয়ে শুনতে চায় প্রিয় মানুষটির হৃৎস্পন্দন। ব্যথায় কাতর হলে পেতে চায় হাতের স্পর্শ। কিন্তু সেই নির্ভরতার হাত সবাই কী পায় ? কেউ কেউ হয়ত পায়। আসুন দেখি কি লিখেছেন কবি সেই নির্ভরতার সম্পর্ক নিয়ে তার কবিতা Just for you কবিতায়, 

I have given my shoulders on perpetual lease, For you to rest your head on, as you please. 

শেষ কথাঃ Wandering Thoughts, কবি খায়রুল আহসান এর ইংরেজি কাব্যগ্রন্থ। বইটিতে পাওয়া যাবে মোট ৬৭ টি কবিতা। যা উপস্থাপন করে কবির নানা সময়ের নানা অনুভূতির সমাহারকে। 
বইটি তিনি উৎসর্গ করেছেন একইসাথে তার বাবা প্রয়াত AKM Mahbubur Rahman এবং তার শিক্ষক Mr James Roger Simpson কে যিনি ক্যাডেট কলেজে তাকে বেসিক ইংরেজি গ্রামার শিখিয়েছিলেন।
এই বইটিতে খায়রুল আহসান তুলে ধরেছেন এমন সব চিত্রকল্প যা হয়ত ঘটে গেছে তার জীবনে অথবা ছুঁয়ে গেছে তার জীবনকে। বইটির ভূমিকাতে অন্তত এমনই দাবী, In ‘Wandering Thoughts’ Khairul Ahsan meanders through subjects which he has become acquainted with as he travelled the road of life. এই লাইনের সাথে পরিপূর্ণ আস্থা রেখে বলা যায়, কবিতার বইটির নামকরণ একদম যথাযথ হয়েছে ‘Wandering Thoughts’
বইটির ভূমিকা লিখেছেন আইরিশ কবি Marie Shine এবং বইটির প্রকাশক জাগৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী Dr. Razia Rahman.

বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলা ২০১৯ এর জাগৃতি প্রকাশনীর স্টলে এবং অনলাইনে রকমারি ঠিকানায়। https://www.rokomari.com/book/179184/wandering-thoughts
বইটির মোট পৃষ্ঠা সংখ্যা: ৮০ মূল্য: ২০০টাকা। 

------------------------------- 
জাহিদ অনিক 
৩/২/২০১৯

Wednesday, February 26, 2020

শবনম - পুস্তক পর্যালোচনা

শবনম - পুস্তক পর্যালোচনা

 
 
সৈয়দ মুজতবা আলী, নাম শুনলেই যাদের চোখের সামনে ভেসে আসে রসগোল্লা গল্পের ঝান্ডু দা’র কথা, শার্টের কলার ধরে একটি রসগোল্লা নাকের কাছে নিয়ে বলছে, ও পারণ খাবি নে? তোর গুষ্ঠি খাবে। তাদের ভাবনা-চিন্তায় একটু না অনেকখানি আমল পরিবর্তন এনে দিবে শবনম।
আমাদের উপমহাদেশীয় সাহিত্যে একটা মাপ কাঠি আছে, কিসের ভিত্তিতে সে মাপকাঠি ধরা হয় জানি না। তবে সাহিত্যিকদের কেউই বোধহয় সেই তুলাদণ্ড থেকে বাদ যায় নি। কোন লেখক যদি একবার রম্য গল্প লিখে বিখ্যাত হয়ে গিয়ে একটা প্রেমের গল্প লিখে থাকেন পাঠক তখন বলেন, “ওরে বাবা তিনিও রম্যের পাশাপাশি প্রেমটাও বেশ ভাল লিখতে পারেন”। কিছুতেই তাকে সেই সম্মানটা দেয়া হয় না যেটা দেয়া হয় অন্য কোন প্রেমের গল্প লেখা লেখককে।
যার কথা বলছিলাম বা বলতে চাচ্ছিলাম তিনি আর কেউ না, তিনি সৈয়দ মুজতবা আলী। যাকে আমরা সবাই একনামে চিনি রম্য লেখক হিসেবে। তিনিই যে একখানা আস্ত প্রেম-বিরহের উপন্যাস লিখে ফেলবেন এবং সে লেখা যে এতটা ভাল হবে তা কেউ আশা করেছিল কিনা জানি না, আমি অন্তত কিছুটা অবাক হয়েছি।
শবনম উপন্যাস সম্পর্কে আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন “বাঙ্গালী তরুন-তরুনীদের প্রেমে পড়ার পূর্বে অবশ্যই সৈয়দ মুজতবা আলীর শবনম উপন্যাসটি পড়ে নেয়া উচিত। এমন শিক্ষণীয় প্রেমের উপন্যাস বিশ্ব সাহিত্যে আর একটিও নেই।” কথাটির সত্য মিথ্যা বিচার পাওয়া যাবে গোটা উপন্যাসটি পড়ার পরেই।
এই উপন্যাসের ভূমিকা লিখেছেন মুহম্মদ এনামুল হক এবং উৎসর্গ করা হয়েছে রাজশেখর বসুকে।

 
শবনমঃ প্লট ও পর্যালোচনা
আফগানিস্তান। সময়টা বাদশা আমানুল্লাহর শাসনামল। স্বাধীনতা দিবস উপলক্ষে পাগমান শহরে আয়োজন করা হয়েছে নৈশ বল-ডান্সের। সেই বেলেল্লাপনা বল ডান্স দেখতে যাওয়া এক তরুণীর সাথেই প্রেম হয়ে যায় পরদেশী এক তরুণের। তরুণ সে দেশে একেবারেই নতুন। গিয়েছেন হিন্দুস্তান থেকে অধ্যাপনা করতে। তরুণ অধ্যাপক যার প্রেমে পড়লেন তিনি যে সে দেশেরই রাজকুমারী সেকথা মনের ভুলেও ভাবেন নি ভিনদেশী যুবক। ভাবলেও সে ভাবনাকে পাত্তা দেয়ার কোন প্রশ্নই আসে না। প্রেম কি এতসব ভেবে হয়? হয়েছে কখনও?
যে দুইটা চরিত্রের কথা বলছিলাম তাদের মধ্যে স্ত্রী চরিত্রটির নাম শবনম, বয়স আঠারো-উনিশ। কিন্তু উপন্যাসে তার সংলাপ পড়ে মাঝেমধ্যে মনে হয়ে তার বয়স হয়ত ৩৫, কখনও মনে হয়েছে তার বয়স ১৬ কিংবা ১৭। পুরুষ চরিত্রটির নাম মজনূন। বাংলা আর ইংরেজি ভাল জানেন কিন্তু ফার্সী ও ফ্রেঞ্চ খুব একটা পারেন না ভালো।
একে অন্যের নাম পরিচয় জানার এক মুহূর্তে মজনূনের ফার্সী ও ফ্রেঞ্চ সম্পর্কে শবনম রহস্য করে বলেছে,
আপনার ফ্রেঞ্চ অদ্ভুত, আপনার ফার্সীও অদ্ভুত। অদ্ভুত মানে খারাপ? ফার্সী উচ্চারণে কেমন যেন পুরনো আতরের গন্ধ, ঠাকুরমা সিন্দুক খুললে যেরকম বহু দিনের জমানো মিষ্টি গন্ধ বের হয় সেরকম। অন্য হিন্দুস্তানীরা যেরকম ভোঁতা ভোঁতা ফার্সী বলে সেরকম নয়” ।
সৈয়দ মুজতবা আলী শবনমের বর্ণনা লিখেছে এভাবে,
প্রথমে দেখেছিলুম কপালটি। যেন তৃতীয়ার ক্ষীণচন্দ্র। শুধু, চাঁদ হয় চাপা বর্ণের, এর কপালটি একদম পাগমান পাহাড়ের বরফের মতই ধবধবে সাদা। সেটি আপনি দেখেন নি? অতএব বলব নির্জলা দুধের মত। সেও তো আপনি দেখেন নি। তা হলে বলি বন-মল্লিকার পাপড়ির মত। নাকটি যেন ছোট বাঁশী। ওইটুকুন বাঁশীতে কি করে দুটো ফুটো হয় জানি না। নাকের ডগা আবার অল্প অল্প কাঁপছে। গাল দুটি কাবুলেরই পাকা আপেলের মত।
আফগানিস্তানে লেবু তেমন হয় না। প্রণয়ের প্রথম দিকে মজনূন শবনমকে উপহার দিয়েছিল পাঞ্জাবীর পকেট হাতড়ে পাওয়া একটি ভারতীয় লেবু।
লেবুটি পেয়ে শবনম বলেছিল,
এটা কি ? ওঃ ! নেবু? লীমূন । লীমূন-ই-হিন্দুস্তান যার ভেতরেরটা টক!
সে প্রসঙ্গ উল্লেখ করে লেখক লিখেছেন,
ওরে মূর্খ! দিলি একটা নেবু! তাও শুনতে হল ভিতরটা টক! না, সে মীন করে নি। আলবাৎ করেছে। না।


শবনম। শবনম মানে তো শিশিরবিন্দু, হিমকণা। সে তো শিউলি। শরৎ-নিশির স্বপ্ন-প্রভাতের বিচ্ছেদ বেদনা। সে যখন ভোরবেলা সর্ব বন্ধন থেকে মুক্ত হয়, সে কি স্বেচ্ছায়?
উপন্যাসের সবথেকে আকর্ষণীয় অংশ মনে হয়েছে নানা ফরাসি ও ফ্রেঞ্চ কবিতার অনুবাদ। শবনম ও মজনূন অনেক কথা বলেছেন কবিতায় কবিতায়। এই উপন্যাসে যথেষ্ট কাব্যিক ও ভাষা-তাত্ত্বিক মুনশিয়ানা দেখিয়েছেন সৈয়দ মুজতবা আলী। অসংখ্য ঘটনা, ভীতি, শিহরণ ও কাব্যিক ব্যঞ্জনার মধ্য দিয়ে আগাতে থাকে উপন্যাস শবনম। এক পর্যায়ে মজনূনের কুড়ে ঘরে নিয়মিত আসা যাওয়া চলতে থাকে শবনম বানুর। কখনও দিনের আলোয় বোরখায় নিজেকে ঢেকে, কখনও রাতের আঁধারে।
বোরখা সম্পর্কে শবনমের স্পষ্ট কথা, লোকে বলে বোরখা নারীদের বন্দি করে রেখেছে, আমি তো দেখি বোরখা নারীর সুবিধের জন্যই, ইচ্ছে করলেই নিজেকে লুকিয়ে ফেলা যায় বোরখার আড়ালে।
প্রেম যেখানে থাকে সেখানে ভয়ও থাকে, ভয় লজ্জা দ্বিধা না থাকলে প্রেম ঠিক প্রেম বলে মনে হয় না। অবাধ প্রেম কোন নর-নারীকেই আকর্ষণ করে না। প্রেমের এই ভয়, না পাওয়ার ভীতি এসব নিয়ে মজনূন যেন সর্বদা চিন্তিত থাকত। কোথাকার কোন হিন্দুস্তানের যুবক সে, তার কাছে কেন আফগান কুমারী বিয়ে দেবেন রাজা! এসব প্রশ্নের কেবল একটাই জবাব দিত শবনম, “আমার কাছে ওষুধ আছে” ।
কি দাওয়াই ছিল শবনমের কাছে যা চিন্তামুক্ত করে দিবে পরদেশী মজনূকে? সত্যিই কি কোন দাওয়াই ছিল নাকি সব প্রেমিকাই যেমন বলে তারকাছে জাদু আছে শবনমও সেরমকই বলেছিল, এসব প্রশ্নের পাওয়া যাবে উপন্যাস শুরু করার অল্প সময়ের মধ্যেই।
লুকোচুরির এই প্রেমের এক পর্যায়ে সিদ্ধান্ত হয় তারা বিয়ে করবে। বিয়ে হয়। একবার না, দুইবার বিয়ে হয় শবনম ও মজনূনের। দুইবার কেন বিয়ে হল সে ব্যাখ্যা জানার জন্য গোটা উপন্যাস পড়তে হবে না, অর্ধেক পড়লেই জানা যাবে।
আফগান মেয়েদের বিয়ের পরে মাথার জুলফ কেটে দিতে হয়, যাতে করে বোঝা যায় তিনি বিবাহিতা। বাঙলা জুলপি কথাটা জুলফ থেকে এসেছে। ইরান তুরানের কুমারীদের অনেকেই দু গুচ্ছ অলক(চুল) রগ থেকে কানের ডগা অবধি ঝুলিয়ে রাখে। এটাই জুলফ। বিয়ের পরে শবনমের জুলফ কাটা নিয়েও বেশ কিছু চিত্তাকর্ষক সংলাপ রয়েছে উপন্যাসের মাঝামাঝি পর্যায়ে। বিয়ে হল। বাসর রাতে জামাইকে ঘরে ঢুকতে দেখেই কোনায় কোনায় লুকিয়ে থাকা কনের বান্ধবীরা গেয়ে উঠল,
রুটি খায় নি, দাল খায় নি, খায়নি কভু দই, হাড়-হাভাতে ওই এল রে- খাবে তোরে সই! মরি, হায় রে হায় !



শবনম উপন্যাসে প্রেম পর্ব দেখা হল, বিয়ে পর্ব দেখা হল। পড়তে পড়তে মনে হতেই পারে এই উপন্যাসের তাহলে শেষ অবধি হয়ত শুভ সমাপ্তি। যখন থেকে ভাবতে শুরু করবেন এই উপন্যাসের রয়েছে দারুণ এক হ্যাপি এন্ডিং ঠিক তখন থেকে কয়েক পাতা এগুলোই একটা চিরকুট পাওয়া যাবে।
শবনম লিখেছে, “বাড়িতে থেকো। আমি ফিরব”।
কোথায় গেল শবনম? কেনই বা গেল ? ঠিক কতদিনের জন্য গেল? এসব অনেক জটিল প্রশ্ন। সব প্রশ্নের উত্তর রিভিউতে দিয়ে দেয়া যায় না। এত বড় একটা উপন্যাসের মূল এই অংশটুকু লেখক লিখেছেন অনেক শব্দের বিন্যাসে। যারা ভাল পাঠক তাদেরকে কিছুতেই বই ছেড়ে উঠতে দেবে না, শব্দের মারপ্যাঁচে পড়ে যেতেই হবে।
শবনম ঘরে নেই। বিরহে দিন কাটাচ্ছে মজনূন। কয়েক ঘণ্টা হয়ে গেল শবনম ফেরে নি, দিন হয়ে গেল তাও ফেরে নি শবনম। মাস হয়ে গেলে? শবনম কি ঘরে ফিরবে? কেনই বা এই অন্তর্ধান? এতটা ভালবেসে শেষে কেন চলে যেতে হল? এ বিরহের মানে কি ?
ভিনদেশী যুবক মজনূন কি করবে? কোথায় কোথায় খুঁজবে সে তার স্ত্রী শবনমকে। সেকি তাহলে তার নামের মতই হিমিকা হয়ে সকালের রোদ ওঠার সাথে সাথে শুকিয়ে গেছে? কিন্তু সে যে চিরকুটে লিখেছে, “বাড়িতে থেকো। আমি ফিরব”।
একা একা দিন যাপনে মজনূনের কেবল একটা কথাই মনে পড়ত বারবার। শবনমই তাকে বলেছিল, - আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না।
শবনম বলেছে সে ফিরবে। উপন্যাস যখন প্রায় শেষদিকে, আর মাত্র সাত/ আটটি পাতা বাকী। বইটি হাতে নিয়ে আমি ঝিম দিয়ে বসেছিলাম। আর পড়তে চাইছিলাম না। অনেকটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই পড়তে হল। একটা করে লাইন পড়ছিলাম আর ভাবছিলাম পরের লাইনেই হয়ত লেখা দেখতে পাব শবনম কথা রেখেছে, সে ফিরেছে।
উপন্যাসের পাতা এক সময় শেষ হয়ে যায়, শবনম কি কথা রাখে ? সে কি ফিরে আসে? সে যে বলেছিল, “বাড়িতে থেকো। আমি ফিরব”।




চমৎকার এই উপন্যাসটি পড়া শেষ হয়ে গেলেও এর রেশ রয়ে যাবে অনেকদিন। যখন পড়ছিলাম আমি যেন ভাবছিলাম আমার আশেপাশেই কোথাও আছে শবনম।
পুরো উপন্যাসটি একপ্রকার জাল বিস্তার করে ঘিরে রাখবে পাঠককে যা খুব কম লেখকই করতে পেরেছেন।



জাহিদ অনিক ১০/০৮/২০১৭